রাজনীতি

নারীদের নিরাপত্তাই আধুনিক রাষ্ট্রের অন্যতম মানদণ্ড: মির্জা ফখরুল

নারীদের নিরাপত্তা নিশ্চিত করাকে আধুনিক রাষ্ট্রের অন্যতম প্রধান নির্ধারক হিসেবে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক বার্তায় তিনি বলেন, "একটি আধুনিক রাষ্ট্রের মূল ভিত্তির অন্যতম হচ্ছে নারীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা। নারীদের প্রতি বিদ্বেষ, সহিংসতা ও অশ্রদ্ধামূলক আচরণের বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। এ লক্ষ্যে অন্তর্র্বতীকালীন সরকারকে আইনশৃঙ্খলা ব্যবস্থা সুসংহত করার আহ্বান জানাচ্ছি।"

নারীদের প্রতি সহিংসতার চিত্র তুলে ধরে তিনি বলেন, "গত পনেরো বছরে হাজার হাজার নারী-পুরুষ গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। এসব ঘটনার ফলে পরিবারগুলোর নারীদের অকথ্য কষ্ট ও সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছে। এমনকি সাম্প্রতিক আন্দোলনের সূচনা হয় নারীদের হাত ধরেই। আমাদের সন্তানরা, এমনকি ছোট ছোট শিশুরাও এই আন্দোলনে শহীদ হয়েছে। ধর্ম, বর্ণ নির্বিশেষে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ—সকলেই এই আন্দোলনের অংশীদার।"

নারীদের নিরাপত্তার প্রতি গুরুত্বারোপ করে মির্জা ফখরুল আরও বলেন, "আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান লক্ষ্য হবে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। লিঙ্গ, বয়স, পেশা নির্বিশেষে প্রতিটি নাগরিক যেন রাস্তায়, শিক্ষাপ্রতিষ্ঠানে এবং কর্মক্ষেত্রে নিরাপদ বোধ করেন, সেটাই আমাদের কাম্য। নারীদের আত্মসম্মান ও মর্যাদা সর্বত্র রক্ষা করতে হবে।"

বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, "আজকের বাংলাদেশে উগ্রবাদ ও ফ্যাসিবাদের কোনো জায়গা নেই। আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনের দিকে এগিয়ে যেতে হবে।"

নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নের প্রতি গুরুত্ব দিয়ে বিএনপি মহাসচিব বলেন, "নারীরা আমাদের অগ্রগতির অবিচ্ছেদ্য অংশ। আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে আসুন, নারীদের অধিকারের সুরক্ষা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করি এবং তাদের সমান সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করি।"



সম্পর্কিত খবর