চট্টগ্রাম প্রতিদিন

নোয়াখালীতে বেশি দামে গ্যাস বিক্রি, ২০ হাজার টাকা জরিমানা

নোয়াখালী সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির দায়ে এক পরিবেশককে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রবিবার (৪ জানুয়ারি) সকালে উপজেলার দত্তবাড়ি মোড় এলাকায় অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ দেওয়া হয়।

 

অধিদপ্তর সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে দত্তবাড়ি মোড় এলাকার এলপিজি গ্যাস পরিবেশক 'মেসার্স নীড় এন্টারপ্রাইজে' তদারকি অভিযান চালানো হয়। এসময় দেখা যায়, ১২ কেজির প্রতিটি গ্যাস সিলিন্ডার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত ১ হাজার ২৫৩ টাকার পরিবর্তে ১ হাজার ৪৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। এই প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এছাড়া একই অভিযানে দত্তেরহাট এলাকার 'মেসার্স স্ট্যান্ডার্ড বেকারি'কে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং কেকের মোড়কে মেয়াদ উল্লেখ না করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আছাদুল ইসলাম বলেন, "অতিরিক্ত দামে গ্যাস বিক্রি রোধে এই অভিযান চালানো হয়েছে। অর্থদণ্ডের পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে এবং সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের তদারকি অব্যাহত থাকবে।"

 

অভিযানে জেলা বিশেষ টাস্কফোর্সের সদস্য এবং জেলা ব্যাটালিয়ন আনসারের একটি দল সহযোগিতা প্রদান করে।

 



সম্পর্কিত খবর