পঞ্চগড়ে সুগার মিল জামে মসজিদের ইমাম ও জেলা ওলামা দলের এক নেতা নারীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আটক হয়েছেন। স্থানীয় জনতা নারীসহ ওই ইমামকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।
আটক ব্যক্তির নাম শহিদুল ইসলাম। তিনি পঞ্চগড় সুগার মিল জামে মসজিদের খতিব এবং ওলামা দলের জেলা কমিটির সদস্য। অভিযুক্ত নারী শাহিনুর আক্তার (১৯)। তাঁর বাড়ি পঞ্চগড় জেলা শহরের ডোকরোপাড়া এলাকায়। তিনি ওই এলাকার আব্দুস সাত্তারের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহিনুর আক্তার গতকাল মঙ্গলবার বিকেল থেকে খতিব শহিদুলের সুগার মিলের কোয়ার্টারে আশ্রয় নেন। রাতে তিনি খাবার কেনার জন্য সুগার মিল বাজারে যান। এ সময় স্থানীয় কিছু যুবকের সন্দেহ হলে তাঁরা শাহিনুরকে আবার খতিবের বাসায় দেখতে পান। ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয় এবং মসজিদের ইমামের সঙ্গে অনৈতিক সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে। একপর্যায়ে স্থানীয় যুবকেরা খতিবের বাসায় ঢোকেন। তখন হট্টগোল সৃষ্টি হলে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে খতিব শহিদুল ইসলাম ও শাহিনুর আক্তারকে আটক করে থানায় নিয়ে যায়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে নারীসহ ইমাম শহিদুল ইসলামকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।