রংপুর

পঞ্চগড়ের বন্ধ চিনিকল চালুসহ শিল্পায়নে বিনিয়োগে আগ্রহী চীনের ব্যবসায়িক প্রতিষ্ঠান জুলং গ্রুপ

পঞ্চগড়ের দেবীগঞ্জের অর্থনৈতিক অঞ্চল ও বন্ধ সুগার মিল চালু করাসহ জেলায় শিল্পায়নে আগ্রহ প্রকাশ করেছে চীনের ব্যবসায়িক প্রতিষ্ঠান জুলং গ্রুপ। ১২ সেপ্টেম্বর শনিবার সকালে দেবীগঞ্জ উপজেলার অর্থনৈতিক অঞ্চল ও দুপুরে পঞ্চগড়ের বন্ধ সুগার মিল পরিদর্শন করে সৌরবিদ্যুৎ ও কৃষিভিত্তিক শিল্পায়নে আগ্রহের কথা জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পেং ওয়াং।

চায়না জুলং গ্রুপের চেয়ারম্যান পেং ওয়াং বলেন, "এটি খুবই চমৎকার একটি কারখানা। অবকাঠামো এবং আকার—সবটাই বেশ ভালো। আমার মনে হয়, এই চিনিকলটিকে একটি 'নতুন জীবন' দেওয়ার জন্য আমাদের সুযোগ খোঁজা উচিত। আপনাদের জন্য এখানে কিছু করার উদ্দেশ্যে আরও বিনিয়োগকারী একত্রে নিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা আমি করব। চীনে আমাদের ৩০ বছরেরও বেশি সময় ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এবং এখন আমরা বৈশ্বিক বিস্তারের চেষ্টা করছি। সত্যি বলতে, গত ১০ বছর ধরে আমরা বাংলাদেশে কিছু ব্যবসা করেছি। আমার বিশ্বাস, বাংলাদেশের জন্য নতুন কিছু করার ক্ষেত্রে এটি আমাদের জন্য একটি নতুন সুযোগ।"

পানিসম্পদ প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্যসচিব ফরহাদ হোসেন আজাদ বলেন, "বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিদ্যুৎ নিয়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করা হয়েছে। যার কারণে গ্রামের সাধারণ মানুষ এখন ঠিকমতো বিদ্যুৎ পাচ্ছে না এবং এর জন্য প্রধানমন্ত্রী জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন।"

তিনি আরও বলেন, "দ্বিতীয় পর্যায়ে সরকারিভাবে পঞ্চগড়ে সোলার প্রজেক্ট স্থাপনের লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এই অঞ্চলের জন্য সোলার প্রজেক্ট অত্যন্ত উপযোগী। খুব দ্রুত এই সোলার প্রজেক্টগুলোর নির্মাণকাজ শেষ করে ডিসেম্বরের মধ্যে কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। এর মাধ্যমে গ্রামীণ জনপদের বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি স্থানীয় বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।"

পঞ্চগড় সুগার মিল সম্পর্কে ফরহাদ হোসেন আজাদ বলেন, "সুগার মিলের মতো এর কর্মকর্তা-কর্মচারীদের পরিবারেও মরিচা পড়ে গেছে। তারা বিকলাঙ্গ হয়ে পড়েছে। এই বন্ধ্যাত্ব দূর করার চেষ্টা করা হচ্ছে।"

এ সময় জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ইমাম রাজি টুলু, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সুগার মিলের কর্মকর্তাসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



সম্পর্কিত খবর