পঞ্চগড়ের সীমান্ত এলাকা বাংলাবান্ধা জিরোপয়েন্টসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
৩১ আগস্ট সোমবার সকালে পঞ্চগড়ের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে ছিলেন সহধর্মিণী ডিয়ান ডাও, বাংলাদেশে মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিনসহ দূতাবাসের অন্য প্রতিনিধিরা।
সফরের অংশ হিসেবে তাঁরা প্রথমে যান দেশের সর্বউত্তরের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা জিরোপয়েন্টে। এ সময় সীমান্ত এলাকার নান্দনিক পরিবেশ ও চারপাশের সবুজ প্রকৃতি দেখে মুগ্ধ হন মার্কিন রাষ্ট্রদূত ও তাঁর স্ত্রী। পরে বাংলাবান্ধা জিরোপয়েন্টে কিছু সময় অবস্থান করে নির্মল পরিবেশ উপভোগ করেন তাঁরা। এ সময় সীমান্তের সৌন্দর্য উপভোগের পাশাপাশি স্মৃতি ধরে রাখতে ছবিও তোলেন মার্কিন রাষ্ট্রদূত ও তাঁর সহধর্মিণী।
বাংলাবান্ধা থেকে তাঁরা সরাসরি আসেন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে। হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।
তিনি জানান, বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র।
তিনি বলেন, দেশজুড়ে মা, নবজাতক ও শিশুস্বাস্থ্য সেবা শক্তিশালী করতে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়কে ২৪ লাখ ডলার (বাংলাদেশি টাকায় ২৯ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা) মূল্যের চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ দিচ্ছে যুক্তরাষ্ট্র।
সিভিল সার্জন ড. মিজানুর রহমান মার্কিন রাষ্ট্রদূতকে হাসপাতালে স্বাগত জানান। পরে সিভিল সার্জন ড. মিজানুর রহমানের কাছে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা বিষয়ক প্রশিক্ষণ মডেল হস্তান্তর করা হয়। যুক্তরাষ্ট্রের এই বড় সহায়তার মধ্যে রয়েছে নবজাতকের শরীর উষ্ণ রাখা ও শ্বাসপ্রশ্বাসে সহায়তাকারী সরঞ্জাম, গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য থেরাপিউটিক ফুড এবং টিকার কার্যকারিতা বজায় রাখার উপকরণ। যুক্তরাষ্ট্রের অর্থায়নে ও ইউনিসেফের মাধ্যমে এসব সরঞ্জাম ও উপকরণ দুর্গম এলাকাসহ দেশজুড়ে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে।
পরে পঞ্চগড় সার্কিট হাউসের হলরুমে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির, জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন, পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন রাষ্ট্রদূত।