টপ নিউজ

পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক, টোল আদায় ৯০ লাখ

পদ্মা সেতুর উভয় প্রান্তে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শনিবার (২৮ নভেম্বর) রাত ১২টা থেকে রোববার (২৯ নভেম্বর) বিকেল ৫টা পর্যন্ত সেতুটি দিয়ে মোট সাত হাজার ৩৪৪টি যানবাহন পারাপার হয়েছে।

 

 

যা থেকে ৯০ লাখ ১২ হাজার ১০০ টাকা টোল আদায় হয়েছে।

সরকারি এক বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।

 

 

বিবৃতিতে জানানো হয়, পদ্মা সেতুর মাওয়া প্রান্ত দিয়ে ৪ হাজার ৪৩টি যানবাহন পারাপার হয়েছে। যা থেকে ৫৩ লাখ ২৯ হাজার ৮০০ টাকা টোল আদায় হয়েছে।

 

অন্যদিকে, জাজিরা প্রান্ত দিয়ে তিন হাজার ৩০১টি যানবাহন পারাপার হয়েছে। সেখান থেকে ৩৬ লাখ ৮২ হাজার ৩০০ টাকা টোল আদায় হয়েছে।

 

আরও জানানো হয়, রোববার ভোর ৬টা ১০ মিনিটের দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় দুর্বৃত্তদের সৃষ্ট অবরোধের কারণে কিছু সময়ের জন্য ব্যাহত হয় যান চলাচল। পরিস্থিতি মোকাবিলায় যৌথভাবে কাজ করেন বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা এবং তারা অবরোধ প্রতিহত করেন।

 

যাত্রী ও যানবাহনের ভোগান্তি এড়াতে শরীয়তপুর জেলা পুলিশের সুপারিশে মাওয়া প্রান্ত থেকে সাময়িকভাবে বন্ধ রাখা হয় যান চলাচল। ভোর ৬টা ৪০ মিনিট থেকে সকাল ৭টা ২০ মিনিট পর্যন্ত ৪০ মিনিট এ সিদ্ধান্ত কার্যকর ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর পুনরায় শুরু হয় যান চলাচল।

 

বিবৃতিতে জানানো হয়, সকাল ৭টা ২০ মিনিট থেকে সেতুর মাওয়া ও জাজিরা-উভয় প্রান্তেই সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে যানবাহন চলাচল। এ ছাড়া পদ্মা সেতু এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, বিজিবি, এসআরবি ও সেনাবাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

 



সম্পর্কিত খবর