মৌলভীবাজারের বড়লেখায় কেরাত প্রতিযোগিতা থেকে নিখোঁজ দুই মাদ্রাসাছাত্র তারেক আহমদ রাফি (১৫) ও সাইদুল ইসলাম (১৪) উদ্ধার হয়েছে।
স্থানীয় সংসদ সদস্য ও পরিবেশমন্ত্রী মোঃ শাহাব উদ্দিনের ফোন পেয়ে কমলাপুর থানা পুলিশ তাদের উদ্ধার করে। গত শনিবার রাতে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে তাদের উদ্ধার করে কমলাপুর থানা পুলিশ। রোববার সকালে তারা বাড়ি ফিরেছে।
উদ্ধারকৃতরা হলেন, তারেক আহমদ রাফি উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সফরপুর গ্রামের সৌদি প্রবাসী ছাদ উদ্দিনের ছেলে ও সাইদুল ইসলাম সাইদুল বড়লেখা পৌরসভার দক্ষিণ বারইগ্রামের দুবাই প্রবাসী বদরুল ইসলামের ছেলে। তারা বড়লেখা পৌর শহরে অবস্থিত জামিয়া মাদানীয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র।
আত্মীয়-স্বজনরা জানিয়েছেন, রাফি ও সাইদুল এখনো ঠিকমতো কথা বলতে পারছে না। ধারণা করা হচ্ছে, তাদের অপরহরণ করা হয়েছিল। জানা গেছে, গত শুক্রবার রাতে বড়লেখা পিসি মডেল স্কুল মাঠে আস সুন্নাহ মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত নাশিদ ও কেরাত প্রতিযোগিতায় জামিয়া মাদানীয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্ররা অংশ নেয়। এতে রাফি এবং সাইদুল ছিল।
রাফি ও সাইদুল ওইদিন রাতে (নাশিদ ও কেরাত প্রতিযোগিতা) অনুষ্ঠান থেকে নিখোঁজ হয়। এরপর থেকে তাদের কোনো খোঁজ না পেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ রাত ১২টার সময় বিষয়টি স্বজনদের জানায়। এরপর থেকে রাফি এবং সাইদুলের পরিবার সম্ভাব্য বিভিন্নস্থানে খোঁজ করেও তাদের কোনো সন্ধান পাননি। এরপর রাফির স্বজনরা বিষয়টি স্থানীয় এমপি ও পরিবেশমন্ত্রী মোঃ শাহাব উদ্দিনকে জানান। পরে মন্ত্রীর ফোন পেয়ে কমলাপুর থানা পুলিশ তাদের উদ্ধার করে।
পরে রাতে রাফির এক আত্মীয়ের মাধ্যমে পুলিশের কাছ থেকে তাদের বাড়িতে নিয়ে আসেন।
উদ্ধারকৃত রাফির মামা জাবেদ আহমদ বলেন, আমার ভাগিনা রাফি ও তার সহপাঠী সাইদুলকে উদ্ধার করা হয়েছে। তারা এখনো ঠিকমতো কথা বলতে পারছে না। তিনি আরও বলেন, আমার ভাগিনা জানিয়েছে, এশার নামাজ পড়ার জন্য বড়লেখা বড় মসজিদে যাওয়ার সময় অপরিচিত এক ব্যক্তি কৌশলে তাদের অজ্ঞান করে কুলাউড়া রেলস্টেশনে নিয়ে যায়। সেখান থেকে ট্রেনে ঢাকার কমলাপুর রেলস্টেশনে নিয়ে যায়। সেখানে পুলিশের নজরে পড়লে তাদের ফেলে রেখে পালিয়ে যায় ওই ব্যক্তি। বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, বড়লেখা থেকে নিখোঁজ হওয়া দুই মাদ্রাসার ছাত্রকে ঢাকার কমলাপুর স্টেশন থেকে উদ্ধার করা হয়েছে। তারা পরিবারের কাছে রয়েছে বর্তমানে।