দেশের খবর

পাথরঘাটায় ঈদ উপহার নিয়ে যাওয়ার পথে বাসচাপায় ৩ ভাই নিহত

বরগুনার পাথরঘাটায় রাজিব পরিবহনের একটি বাসের চাপায় মোটরসাইকেলে থাকা তিন ভাই নিহত হয়েছেন। শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রায়হানপুর ইউনিয়নের সোনার বাংলা নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত তিন ভাই হলেন- পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের বাইশকুড়া গ্রামের মো. নামির খানের ছেলে মো. নাইমুজ্জামান শুভ (২২), মো. শান্ত (১৪) ও মো. নাদিম (৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপহার পৌঁছে দিতে চাচার বাড়ির উদ্দেশ্যে মোটরসাইকেলে করে রওনা হয়েছিলেন তিন ভাই। মঠবাড়িয়া থেকে পাথরঘাটার পথে থাকা অবস্থায় বিপরীত দিক থেকে আসা রাজিব পরিবহনের বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই তিন ভাই প্রাণ হারান।

দুর্ঘটনার খবর পেয়ে পাথরঘাটা থানার ওসি মেহেদী হাসানের নেতৃত্বে একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বাসটি জব্দ করা হয়েছে এবং সুপারভাইজার ও হেলপারকে আটক করা হয়েছে।

ওসি মেহেদী হাসান বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। দুর্ঘটনায় ব্যবহৃত বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।”

ঈদের খুশি মুহূর্তেই তিন ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের যথাযথ শাস্তির দাবি জানিয়েছেন।

বায়ান্ন/আরএস



সম্পর্কিত খবর