নরসিংদীর রায়পুরায় পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
রোববার (১৮ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের চর মরজাল এলাকায় বাঘমারা ব্রিজে চেকপোস্ট বসিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, উত্তর বাখরনগর ইউনিয়ন এলাকা থেকে অস্ত্রধারী দুই ব্যক্তি আড়িয়াল খাঁ নদীর ওপর বাঘমারা ব্রিজ হয়ে মরজাল বাজারের দিকে যাবে। এ তথ্যের ভিত্তিতে রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুরের নেতৃত্বে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান ও উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল করিমসহ পুলিশের একটি দল সেখানে চেকপোস্ট স্থাপন করে।
রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে একটি মোটরসাইকেলে থাকা দুই আরোহীকে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় মোটরসাইকেলের চালকের পেছনে বসা বিজয় মিয়ার কোমরের পেছনে হাফপ্যান্টের মধ্যে গোঁজা অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা ম্যাগাজিনের পেছনে ইংরেজিতে ‘NO70’ এবং গুলির পেছনে ‘A P 32 AUTO’ লেখা ছিল। এ সময় তাঁদের কাছ থেকে কালো রঙের রেজিস্ট্রেশনবিহীন একটি সুজুকি মোটরসাইকেলও জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কিশোরগঞ্জের ভৈরব থানার শিবপুর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে মো. বিজয় মিয়া (২৩) এবং নরসিংদীর রায়পুরা থানার উত্তর বাখরনগর ইউনিয়নের গোপালপুর এলাকার বিল্লাল হোসেনের ছেলে জুম্মন মিয়া (১৯)। জুম্মনের বর্তমান ঠিকানা কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার কালীকাপুর এলাকায় বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় ১৯ অক্টোবর ২০২৬ তারিখে রায়পুরা থানায় এফআইআর নম্বর-২৮ এবং জিআর নম্বর-৪৭৭-এর মাধ্যমে 'দ্য আর্মস অ্যাক্ট, ১৮৭৮'-এর ১৯(এ)/১৯(এফ) ধারায় মামলা করা হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে।