পাবনার আটঘরিয়া উপজেলায় “চার সন্তান রেখে বাবা মারা গেছেন, এরপর এতিম এই সন্তানদের ছেড়ে তাদের মা চলে গেছেন অন্যত্র” এমন একটি অসহায় পরিবারের সাথে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’ এর একটি প্রতিনিধি দল।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নির্দেশনায় শনিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের সঞ্জয়পুর গ্রামের বাসিন্দা রাজু প্রামাণিকের সাথে সাক্ষাৎ করে প্রতিনিধি দলটি।
অসহায় এই পরিবারের সাথে সাক্ষাৎকালে তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা ও তাদের জন্য আর্থিক সহায়তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।
এছাড়া মোবাইল ফোনে ঢাকা থেকে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন অসহায় এই পরিবারের খোঁজ-খবর নেন।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’-এর অন্যতম সদস্য মাসুদ রানা লিটন, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা জেলা জাসাস-এর আহ্বায়ক খালেদ হোসেন পরাগ, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, চাঁদভা ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন-অর-রশিদ ও পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম প্রমুখ।