পার্বত্য শান্তি চুক্তির ২৭ বছর পূর্তি উপলক্ষে কাপ্তাই উপজেলার ওয়াগ্গাছড়া জোনের উদ্যোগে চিৎমরম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) সকালে চিংম্রং বৌদ্ধ বিহার রেস্ট হাউসের সামনে প্রায় সাড়ে তিনশত দরিদ্র ও অসহায় মানুষের জন্য এই ক্যাম্প আয়োজন করা হয়।
চিকিৎসা ক্যাম্প পরিচালনা করেন ওয়াগ্গাছড়া জোনের মেডিক্যাল অফিসার মেজর এস এম আশিকুজ্জামান। তার সাথে ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. স্বর্ণা বাড়ৈ।
ক্যাম্প পরিদর্শনকালে ওয়াগ্গাছড়া জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, বিজিবি পাহাড়ি-বাঙালির সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সবসময় কাজ করে যাচ্ছে। যারা পাহাড়ে অশান্তি সৃষ্টির চেষ্টা করবে, তাদের কঠোরভাবে দমন করা হবে। শান্তি ও উন্নয়নের ধারা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য ক্যওসিংমং, চন্দ্রঘোনা থানার ওসি মোহাম্মদ শাহজাহান কামাল, এবং চিৎমরম ইউনিয়নের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী।
উল্লেখ্য, ওয়াগ্গাছড়া জোনের উদ্যোগে এর আগেও বিভিন্ন মানবিক সহায়তা প্রকল্প বাস্তবায়িত হয়েছে। বেকার যুবকদের জন্য কারিগরি প্রশিক্ষণ, সীমান্তবর্তী এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণসহ নানামুখী উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে বিজিবি।
এই ধরনের মানবিক উদ্যোগ পাহাড়ি ও বাঙালিদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় নেতৃবৃন্দ।
বায়ান্ন/প্রতিনিধি/একে