রাজনীতি

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না পাওয়ায় অসন্তুষ্ট বিএনপি

 প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না পাওয়ায় অসন্তুষ্ট  বিএনপি। প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় পৌনে দুই ঘণ্টা বৈঠক শেষে বেরিয়ে এসে বুধবার (১৬ এপ্রিল) দুপুর ২টায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জানাননি। তিনি ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। আমরা বলেছি ডিসেম্বর নির্বাচনের কাট অফ সময়।

এখন বিএনপি কী করবে-সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবো।

মির্জা ফখরুল সাংবাদিকদের আরও বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে আমরা আমাদের উদ্বেগের কারণগুলো জানিয়েছি। প্রধান বিষয়টি ছিল নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ। আমরা বলেছি, বর্তমানে রাজনৈতিক যে পরিস্থিতি এবং দেশের যে অবস্থা, তাতে আমরা বিশ্বাস করি, এখানে অতিদ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যদিয়েই সমস্যাগুলো সমাধান করতে হবে। একইসঙ্গে চলমান যে সংস্কার কমিশনগুলো করা হয়েছে, উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, আমরা সেগুলোতে সম্পূর্ণভাবে সহযোগিতা করছি। গত কয়েকদিন আগে সংস্কার নিয়ে আমাদের মতামতগুলো আমরা দিয়েছি এবং আগামীকাল সম্ভবত আমাদের সঙ্গে বৈঠক আছে।

এর আগে দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক শুরু হয়।

প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ।

বায়ান্ন/আরএস



সম্পর্কিত খবর