বাঁশখালীতে নজরুল ইসলাম নামে এক লিবিয়া প্রবাসীর কাছ থেকে চাঁদা দাবী ও তার উপর হামলার অভিযোগে মামলা হয়েছে।
গত রবিবার দুপুরে বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে দায়ের করা মামলাটি বাঁশখালী থানার ওসিকে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। লিবিয়া প্রবাসী নজরুল ইসলাম গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা গ্রামের সৈয়দ আহমদের ছেলে। মামলার আসামি হলেন, একই এলাকার ফরিদুল আলমের ছেলে শাহাদাত হোসাইন, মৃত আবদুর রাজ্জাকের ছেলে আবদুর রহিম ও দক্ষিণ গন্ডামারা এলাকার আবদুল জলিলের ছেলে ফজল করিম। আসামিরা প্রবাসী নজরুল ইসলামের কাছ থেকে ৫ লাখ টাকা করে চাঁদা দাবি এবং তার উপর হামলা চালিয়ে মোবাইল ও নগদ টাকা লুট করার অভিযোগ করা হয়েছে।
মামলা সূত্র জানায়, আসামীরা এক সময় লিবিয়া প্রবাসী ছিলেন। বর্তমানে দেশে এসে তারা বেকার হয়ে যান। বাদী নজরুল ইসলাম ও আসামিরা একই এলাকার বাসিন্দা এবং নিকটাত্মীয় আত্মীয় হন। প্রবাসী নজরুল ইসলাম সম্প্রতি দেশে এলে শাহাদাত হোসাইন, আবদুর রহিম ও ফজল করিমের নেতৃত্বে তার কাছ থেকে ৫ লাখ টাকা করে চাঁদা দাবি করেন। নজরুল ইসলাম এতে রাজি নাহলে গত ৬ ডিসেম্বর পশ্চিম বড়ঘোনা নতুন মার্কেট এলাকায় তার উপর হামলা চালানো হয়। এসময় প্রবাসী নজরুল ইসলামের দামি মোবাইল সেট ও নগদ টাকাসহ ১ লাখ ৬২ হাজার টাকা লুট করে নিয়ে যায় আসামিরা। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ থাকলেও আসামিরা বিচার না মেনে প্রবাসী নজরুল ইসলামকে আবারো হুমকি দেন।
বাদী নজরুল ইসলাম জানান, তার কাছে চাঁদাদাবী এবং হামলার পর উল্টো সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালানো হয়। প্রতিনিয়ত আমাকে হুমকি দেয়া হয়। অনেকটা বাধ্য হয়ে মামলাটি দায়ের করলাম।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, আদালতে প্রবাসীর দায়ের করা মামলা পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।