বাউফলে কীটনাশক পানে জাকিয়া বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের পূর্ব কালাইয়া ৭ নম্বর ওয়ার্ডের আকন বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত জাকিয়া বেগম ওই এলাকার আজম আকনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে জাকিয়া বেগম ধানে ব্যবহৃত কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে দ্রুত তাঁকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান।
বাউফল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ওই নারী মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে। কী কারণে তিনি কীটনাশক পান করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করার প্রক্রিয়া চলছে।