বরিশাল

বাউফলে ৪ বোতল ‘রেকটি’ সিরাপসহ ১ জন আটক, উদ্ধার হলো বিক্রির টাকা

বাউফলে মাদক হিসেবে ব্যবহৃত ‘রেকটি’ নামের হোমিওপ্যাথিক সিরাপসহ একজনকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে নগদ টাকাও জব্দ করা হয়েছে।

বুধবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার বগা ব্রিজের পশ্চিম পাশে জসিমের দোকানের কাছে অভিযান চালায় বগা পুলিশ তদন্ত কেন্দ্র। অভিযানে নেতৃত্ব দেন এসআই স্বপন কুমার হাওলাদার।

এ সময় ৪ বোতল ‘রেকটি’ সিরাপ এবং মাদক বিক্রির ৩ হাজার ৭৮৫ টাকাসহ মো. মজিবর রহমান খানকে (৫৪) গ্রেপ্তার করা হয়।

আটক মজিবর রহমান বাউফল উপজেলার বগা ইউনিয়নের বানাজোড়া গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম মৃত আয়েন উদ্দিন খান।

বগা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জয়নাল আবেদীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিরাপ ও টাকা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম সিরাজ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হবে।

 


সম্পর্কিত খবর