বরিশাল

বামনায় জমি নিয়ে বিরোধ: পাল্টা সংবাদ সম্মেলনে মিথ্যাচারের অভিযোগ

বরগুনার বামনায় পৈতৃক জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের স্ত্রীর করা সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়েছেন মো. মজিবুর রহমান হাওলাদার। আজ রোববার (৩০ নভেম্বর) দুপুরে বামনা উপজেলার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি গত ১০ নভেম্বর বরগুনা প্রেসক্লাবে তার বিরুদ্ধে করা অভিযোগগুলোকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেন।

 

লিখিত বক্তব্যে বুকাবুনিয়া ইউনিয়নের জাফ্রাখালী গ্রামের বাসিন্দা মজিবুর রহমান জানান, তার পিতা নুরুল হক হাওলাদারের মৃত্যুর পর প্রায় ২৮ বছর ধরে তারা ভাই-বোনেরা পৈতৃক সম্পত্তি বণ্টন করে নিজ নিজ অংশ ভোগদখল করে আসছেন। কিন্তু সম্প্রতি তার ছোট ভাই ইউসুফ হাওলাদারের স্ত্রী আসমা বেগম বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে টাকার প্রভাবে তদন্ত প্রভাবিত করা এবং এককভাবে জমি দখলের মিথ্যা অভিযোগ তোলেন। গত ২৪ নভেম্বর একটি স্থানীয় পত্রিকায় ওই সংবাদটি প্রকাশিত হলে তিনি ও তার পরিবার সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হন।

 

মজিবুর রহমান আরও দাবি করেন, তিনি ইউনিয়ন পরিষদের সাবেক দফাদার এবং তার স্ত্রী মমতাজ বেগম ওই ইউনিয়নের তিনবারের নির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য। তাদের সুনাম ক্ষুণ্ণ করতেই এই ভিত্তিহীন প্রচার চালানো হচ্ছে। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, গত ১১ নভেম্বর জনৈক আনেছ খাঁ ও আল আমিনের কু-পরামর্শে আসমা বেগম তার বাগান থেকে জোরপূর্বক সুপারি লুটে নিয়েছেন।

 

এ বিষয়ে জানতে চাইলে পূর্বের সালিশকারী মো. ইউনুস আলী বলেন, "২০২১ সালে তৎকালীন উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ আমরা গণ্যমান্য ব্যক্তিরা ওই জমি বণ্টন করে দিয়েছিলাম। তবে বর্তমানে ইউসুফ হাওলাদার তার ভাই মজিবুর রহমানের পাওনা জমি জোরপূর্বক দখলে রেখেছেন।"

 

অভিযোগের বিষয়ে আসমা বেগমের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। স্থানীয়দের সূত্রে জানা গেছে, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।

 

 



সম্পর্কিত খবর