৩৯ দিন ধরে সন্ধান না পাওয়া বিএনপি নেতা আজাদুল ইসলাম হাই পান্নুকে অবিলম্বে খুঁজে বের করে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করার জন্য সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৫ মার্চ) দিবাগত রাতে এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
বিএনপি মহাসচিব বলেন, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই পান্নুর হদিস নেই ৩৯ দিন ধরে। গত ৮ই জানুয়ারি বাসা থেকে রাজশাহীর উদ্দেশে বের হলেও এখনো সন্ধান মেলেনি তার। মোবাইলটি বন্ধ রয়েছে। এ ব্যাপারে তার ছেলে সিহাব তমাল নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন। এরপর থেকে প্রশাসনের পক্ষ থেকে তাকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলা হলেও এখনো তার কোন খোঁজ পাওয়া যায়নি। ফলে নানা শঙ্কায় এক মাসের ওপরে অতিবাহিত হলেও এখনো তার সন্ধান মেলেনি।
মির্জা ফখরুল বলেন, বিষয়টি নিয়ে তার পরিবারের সদস্যসহ দলের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। আমি এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। সরকারসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ অবিলম্বে তাকে খুঁজে বের করে পরিবারের কাছে হস্তান্তর করুন।