রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। শনিবার (১৪ জুন) দুপুরে নরসিংদী প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুর রহমান খোকন। তিনি বলেন, "সম্প্রতি রায়পুরায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ডিলার নিয়োগ নিয়ে আমাকে জড়িয়ে কিছু গণমাধ্যমে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করা হয়েছে। যা সম্পূর্ণ অসত্য এবং বিভ্রান্তিকর। বাস্তবে ডিলার নিয়োগের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। সম্পূর্ণ বিষয়টি উপজেলা প্রশাসনের দায়িত্বাধীন।"
তিনি আরও বলেন, “আমি রায়পুরা উপজেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক। ছাত্রদল থেকে রাজনীতির সূচনা করে প্রায় ৩৯ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বারবার কারাবরণ করেছি। দলের দুঃসময়ে আমি সবসময় পাশে থেকেছি। ৫ আগস্টের পর রায়পুরায় তৃণমূল বিএনপিকে সুসংগঠিত করতে নিরলসভাবে কাজ করছি।”
আওয়ামী লীগের ‘দোসররা’ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত উল্লেখ করে তিনি বলেন, “ঘাপটি মেরে থাকা এই দোসরদের আর ছাড় দেওয়া যাবে না। সবাইকে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করতে হবে।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. হযরত আলী ভূঁইয়া, সহসভাপতি মোজাম্মেল হক, ফখরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য ইফতেখার আহমেদ ভূঁইয়া ইতু, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক ফরিদ উদ্দিন, শিল্প বিষয়ক সম্পাদক আতিকুর রহমান, যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, সদস্য সচিব নূর আহমেদ চৌধুরী মানিক, উপজেলা মহিলা দলের সভাপতি আরফিনা আসাদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অর্ধশতাধিক নেতা।