বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান নির্বাচন দীর্ঘ লড়াই ও ত্যাগের ফসল। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি ভোটারদের সতর্ক করে এই মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্র রক্ষায় আমাদের দীর্ঘ ১৫ বছর আন্দোলন করতে হয়েছে। বিশেষ করে জুলাই বিপ্লবে প্রায় দুই হাজার তরুণের প্রাণের বিনিময়ে আমরা এই নির্বাচনের পরিবেশ পেয়েছি। ভোটাধিকার প্রয়োগে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে দেশ আবারও চরম সংকটে পড়বে।”
দলের শুরুর দিকের স্মৃতিচারণ করে তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে জাতীয় পার্টিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতেই ছাত্রদের নিয়ে বিএনপির যাত্রা শুরু হয়েছিল। আজ সেই দল অসাম্প্রদায়িকতা ও উন্নয়নের প্রতীকে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, “ভোট একটি আমানত। ধর্ম বা মিথ্যাচার ব্যবহার করে যারা মানুষকে বিভ্রান্ত করতে চায়, তাদের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকতে হবে।”
অসাম্প্রদায়িক চেতনার ওপর গুরুত্বারোপ করে বিএনপি মহাসচিব বলেন, “ঠাকুরগাঁওয়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাই একসঙ্গে বড় হয়েছে। এখানে যারা সাম্প্রদায়িক বিভেদ তৈরি করবে, তারা মূলত এই অঞ্চলেরই ক্ষতি করবে।” উন্নয়ন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
জনসভায় জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।