গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গারবান্দ এলাকায় রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানার পৈতৃক বাড়ীতে ডাকাতি হয়েছে। গতকাল শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। ওই বাড়ীতে আবিদা সুলতানার বাবা ও মা ছিলেন। তাঁদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাত দল টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, ১০-১২ জনের একটি ডাকাত দল জানালার গ্রিল কেটে ওই বাড়ীতে ঢোকে। তারা ডিআইজি আবিদা সুলতানার বাবা নাজমুল আলমের হাত-পা বেঁধে রাখে। ডাকাতেরা ৩ তলা ভবনের প্রতিটি তলায় মালপত্র তছনছ করে। তারা টাকা, স্বর্ণালংকার ও মালপত্র লুট করে নিয়ে যায়। নাজমুল আলম বলেন, উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গারবান্দ এলাকায় তিনি ও তাঁর স্ত্রী থাকেন, গতকাল রাত ৩ টার দিকে ১০ থেকে ১২ জনের একদল ডাকাত জানালার গ্রিল কেটে বাড়ীতে ঢোকে, তারা বাড়ীর দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে, দেশি ধারালো অস্ত্রের মুখে তাদের জিম্মি করে। ঘরে থাকা প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও ২ লাখ টাকা লুট করে নিয়ে যায় ডাকাতেরা। পরে তাদের ডাক চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ আজ শনিবার ভোরে ঘটনাস্থল পরিদর্শন করে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ বলেন, একটি বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।