নরসিংদীর মনোহরদীতে পুরাতন ব্রহ্মপুত্র নদে জমে থাকা কচুরিপানা অপসারণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার (২১ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার আসাদ নগর গ্রাম সংলগ্ন নদী অংশে চলে এ কার্যক্রম।
জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে পরিচালিত এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন প্রায় দুই শতাধিক স্বেচ্ছাসেবক। কচুরিপানার দখলে থাকা নদীটিতে পানিপ্রবাহ স্বাভাবিক রাখা এবং নৌযান চলাচল নির্বিঘ্ন করতে এই কর্মসূচি গ্রহণ করা হয়। পুরো কার্যক্রমের তত্ত্বাবধান করেন কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও কৃষিবিদ শাহাদাৎ হোসেন বিপ্লব। তার নেতৃত্বে স্থানীয় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন।
তিনি বলেন, “নদী মানেই প্রাণ। শুধু রাজনীতি নয়— পরিবেশ ও সমাজের প্রতিও আমাদের দায়িত্ব রয়েছে। এই নদী যদি দখল বা কচুরিপানায় বন্ধ হয়ে যায়, ক্ষতি হবে সাধারণ মানুষের।” অভিযানে আরও উপস্থিত ছিলেন: ছাত্রনেতা খ.ম. কামরুল ইসলাম মনোহরদী উপজেলা কৃষকদলের সদস্য সচিব রায়হান উদ্দিন সিনিয়র সহ-সভাপতি সুরুজ মিয়া যুগ্ম আহ্বায়ক আবুল বাসার ছাত্রদল নেতা মহসিন কবির আবুল কালামসহ স্থানীয় নেতাকর্মীরা। ফেরিঘাট এলাকা ও নদীপথে জট বাঁধা কচুরিপানা অপসারণের ফলে এখন আবারও নদীপ্রবাহ স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। তারা বলেন, “অনেকদিন পর এমন উদ্যোগ দেখে ভালো লাগছে। নদীটা আবারও বাঁচছে।”
পরিচ্ছন্নতা অভিযান শেষে নেতাকর্মীরা জানান, এই কার্যক্রম শুধু একদিনের নয়— ভবিষ্যতেও নদী ও পরিবেশ রক্ষায় ধারাবাহিকভাবে কাজ করবে বিএনপির অঙ্গ সংগঠনগুলো।