রংপুর

মাজার ধ্বংস করলে ঘরে বসে থাকব না —পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ

মাজার ধ্বংস করলে আমরা আর ঘরে বসে থাকব না। দেশের ১২৭টি মাজার ধ্বংস করতে চেয়েছিলেন, বন্ধ করে দিতে চেয়েছিলেন মাজারগুলো। মাজারের খাদেমকে পুড়িয়ে হত্যা করেছিলেন। আর যদি কোনো মাজার ধ্বংস করা হয়, তাহলে আমরা ঘরে বসে থাকব না। পীর-তরিকাপন্থীদের আস্তানা ও মাজার রয়েছে, সেগুলো কেউ ভাঙতে পারবে না।

আহলে সুন্নত ওয়াল জামাআতের জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্যসচিব ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যেখানে সারের ডিলার নেই, সেখানে সারের ডিলার নিয়োগ দেব। ডিলার নিয়োগ দিয়ে সারের সমস্যার সমাধান করা হবে, যাতে কোনো কৃষককে বেশি দামে সার কিনতে না হয়। সোলার প্রজেক্ট নিয়ে এসে বিদ্যুতের চাহিদা পূরণ করব। নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে সরকার বয়স্ক ভাতার কার্ড ও কৃষক কার্ডের সুবিধাসহ সব প্রতিশ্রুতি পূরণ করবে।

পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ বলেন, হযরত মুহাম্মদ (সা.) আমাদের দিকনির্দেশনা দেওয়ার জন্যই পৃথিবীতে এসেছিলেন। আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে চাই না। আপনারা মওদুদী আইন বাস্তবায়ন করতে পারবেন না। আপনারা মনে করেছিলেন ক্ষমতায় চলে গেছেন, মন্ত্রীসভাও গঠন করেছিলেন। কিন্তু আপনাদের সেই আশা জনগণ পূরণ করতে দেয়নি।

তিনি বলেন, আমরা নবীর তরিকায় ঐক্যবদ্ধ থাকব। রাসুল (সা.)-এর ১৪ বছরের নবুয়তের কথা এবং তাঁর নীতি ও আদর্শের কথা শুনছি। মদিনায় যখন ব্যবসায়ীদের সম্পদ চুরি হতো, তখন বিচারে রাসুল (সা.) উপস্থিত থেকে সঠিক বিচার করেছিলেন। সে সময় তিনি হিলফুল ফুজুল গঠন করেছিলেন।

২৬ আগস্ট বুধবার সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা পৌর সদরের বিজয় চত্বরে আয়োজিত ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে আহলে সুন্নত ওয়াল জামাআতের দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হামিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন দেবীগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টামণ্ডলীর প্রধান গোলাম মাহবুব জিহাদী।

দেবীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, পঞ্চগড় পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ বারী, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, পঞ্চগড় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান, দেবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাদেরী কিবরিয়া রানা, আহলে সুন্নত ওয়াল জামাআতের দেবীগঞ্জ উপজেলা শাখার সদস্যসচিব মোশাররফ হোসেন বাবুল, খাদেম আইনাল হক, সদস্য সুজন ইসলাম ও জাকিরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেবীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটির কার্যকরী সদস্য শফিকুল ইসলাম। এতে দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আহলে সুন্নত ওয়াল জামাআতের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 


সম্পর্কিত খবর