খবর প্রতিদিন

মৌলভীবাজারে অপহৃত ১৫ বছরের কিশোরী উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার

অপহরণ মামলার প্রধান আসামি জুয়েল আহমদ গ্রেপ্তার।
মৌলভীবাজারের জুড়ীতে ১৫ বছরের কিশোরী উদ্ধারের পাশাপাশি নারী ও শিশু নির্যাতন এবং অপহরণ মামলার প্রধান আসামি জুয়েল আহমদকে (২০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার ২৮ আগস্ট ২০২৩ইং, জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
প্রধান আসামি জুয়েল বড়লেখা উপজেলার উত্তর ডিমাই গ্রামের মোঃ হানিফ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট উপজেলার এক কিশোরীকে অপহরণ করেন বড়লেখা উপজেলার উত্তর ডিমাই গ্রামের মো. হানিফ মিয়ার ছেলে জুয়েল আহমদ (২০)। অপহরণে সহায়তা করেন জায়ফরনগর ইউনিয়নের ইউসুফ নগর গ্রামের মৃত জব্বার আলীর ছেলে রুসন মিয়া (৫৫)। পরে ওই কিশোরীর চাচা বাদী হয়ে জুড়ী থানায় দুজনকে আসামি করে নারী নির্যাতন ও শিশু নির্যাতন এবং অপহরণে সহায়তা মামলা দায়ের করেন। মামলার পর অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত রুসন মিয়াকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খসরুল আলম বাদল ঢাকার সাভারে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধারের পাশাপাশি প্রধান আসামিকে গ্রেপ্তার করে।
জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, অপহরণ মামলার প্রধান আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে এবং ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
 


সম্পর্কিত খবর