দেশের খবর

ময়মনসিংহে কৃষক হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

ময়মনসিংহে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে কৃষক আশ্রাব আলী হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ঘটনায় বাদী পরিবার স্বস্তি প্রকাশ করলেও সংক্ষুব্ধ আসামির স্বজনরা।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস অভিযুক্তদের উপস্থিতিতে এই রায় ঘোষনা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- নূর হোসেন, সহিদুল ও উজ্জল মিয়া।
 
এছাড়াও যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- সোহরাব আলী, স্বরূপা খাতুন এবং রেহানা খাতুন।  

 

মামলার বিবরণে জানা যায়, জেলার ফুলপুর উপজেলায় জমি নিয়ে বিরোধে ২০১৪ সালের ১৮ জানুয়ারি সকালে দণ্ডপ্রাপ্তরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে কৃষক আশ্রাব আলীকে হত্যা করে।

পরদিন নিহত আশ্রাব আলীর ছেলে জুলহাস ছয়জনকে আসামি করে ফুলপুর থানায় মামলা করেন। 

 

এরপর মামলার দীর্ঘ তদন্ত শেষে ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং জেরা ও আইনজীবীদের যুক্তি তর্ক শেষে আদালত অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে নূর হোসেন, সহিদুল ও উজ্জল মিয়াকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে ত্রিশ হাজার টাকা করে অর্থদন্ড দেন।

 

একই সঙ্গে অভিযুক্ত সোহরাব আলী, স্বরূপা খাতুন ও রেহানা খাতুনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাণ্ড দেওয়া হয়।

মামলায় রাস্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবী ছিলেন মোহাম্মদ আকরাম হোসেন ও এ এইচ এম খালেকুজ্জামান মামলা পরিচালনা করেন।



সম্পর্কিত খবর