বৃহস্পতিবার বাউফল পৌরসভায় দিনব্যাপী গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর নেতা ড. মাসুদ বলেন, "যারা গণভোট চায় না, তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়।"
ড. মাসুদ বলেন, "জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। জনগণ এবার ভোট দেবে দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব ও মাদকের বিরুদ্ধে— ন্যায়ের পক্ষে। জামায়াত বিজয়ী হলে একজন এমপি নয়, বরং বাউফলের সাড়ে চার লক্ষ মানুষ হবে সত্যিকারের প্রতিনিধি (এমপি)। আমরা জনগণের সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই।"
তিনি আরও বলেন, "যারা আমাদের মা-বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে, তাদের জবাব এবার ব্যালটের মাধ্যমেই দেওয়া হবে। জামায়াত বিজয়ী হলে আমরা গড়ে তুলব চাঁদাবাজ, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত আধুনিক, উন্নত বাউফল।"
গণসংযোগ চলাকালে ড. মাসুদ বাউফল বাজার, ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজ, বাউফল সালেহিয়া ফাজিল মাদ্রাসা, বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও বাউফল আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
গণসংযোগ চলাকালে উপস্থিত ছিলেন— উপজেলা নায়েবে আমির মাওলানা মো. রফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি অধ্যাপক মো. খালিদুর রহমান, কেন্দ্রীয় নেতা আতিকুল ইসলাম নজরুল ও আরিফুর রহমান পলাশ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাস্টার মো. রেদওয়ান উল্লাহ, পৌর সেক্রেটারি মো. আব্দুল হান্নান-সহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সেক্রেটারি, স্থানীয় নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা।