দেশের খবর

রাজশাহী চিনিকলে হামলা ও ভাঙচুর

রেশনের চিনি নেওয়াকে কেন্দ্র করে রাজশাহী চিনিকলের প্রশাসনিক ভবনে তান্ডব চালিয়েছে দুর্বৃত্তরা। তারা ৮টি কক্ষে হামলা চালিয়ে অন্তত ৯টি কম্পিউটার ও প্রিন্টার ভাংচুর করেছে। দুর্বৃত্তদের মারপিটে আহত হয়েছেন ২ জন। এছাড়াও প্রায় ১ লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে।

সোমবার বেলা ১২টায় এসব ঘটনা ঘটেছে।

রাজশাহী রেশন করনিক শাহীনুর রহমান জানান, ১২টার দিকে চিনিকলের মৌসুমী কর্মচারী ট্রাক্টর ড্রাইভার রফিকুল ইসলাম রেশনের এক মণ চিনি নিতে আসেন। এসময় তার নিকট চিনির দাম ছাড়াও বস্তার দাম বাবদ আরও ২০ টাকা চাইলে এনিয়ে তর্ক-বিতর্ক হয়। এর জেরে রফিকুল ফোন করে তার নিজ এলাকা শ্যামপুরের লোকজনকে ডাকেন। কিছুক্ষণ পর অন্তত ১০-১২ জনের একদল দুর্বৃত্ত চিনিকলে পৌঁছে রেশন বিভাগে হামলা করে। এসময় রেশম করনিক শাহীনুর, ওজনদার মারফুল ইসলাম দুলালকে মারপিট করে। একপর্যায়ে শাহিনুর পালিয়ে গেলেও দুলালকে রক্তাক্ত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

অভিযোগ রয়েছে, এসময় চিনি বিক্রির ৯৪ হাজার টাকা লুটের ঘটনা ঘটেছে। পরে দুর্বৃত্তরা প্রবেশ করেন প্রশাসনিক ভবনে। দ্বিতীয় ও তৃতীয় তলার আটটি কক্ষে বিভিন্ন আসবাবপত্র সহ ৯টি কম্পিউটার ও প্রিন্টার ভাঙচুর করেন। 

কাটাখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। 

চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ন কবীর জানান, এঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। মন্ত্রণালয়ের সাথে কথা বলে তারা ব্যবস্থা নিবেন।

বায়ান্ন/প্রতিনিধি/একে



সম্পর্কিত খবর