জাতীয়

রাষ্ট্রের সংস্কার চাইলে গণভোটে ‘হ্যাঁ’ দিন: টাঙ্গাইলে জ্বালানি উপদেষ্টা

রাষ্ট্রীয় ব্যবস্থার আমূল পরিবর্তন ও সংস্কার কার্যক্রম বাস্তবায়নে দেশবাসীকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, বিচার ব্যবস্থার উন্নয়ন ও বাংলাদেশের স্থায়ী মঙ্গল চাইলে এই সংস্কারের কোনো বিকল্প নেই।

 

সোমবার (১৯ জানুয়ারি) সকালে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত ‘গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, “গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা কোনো রাজা-রানি নির্বাচন করি না, বরং জনপ্রতিনিধি নির্বাচন করি যারা জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবেন। দেশের চাবি এখন আপনাদের হাতে। ৫ আগস্টের মতো রক্তক্ষয়ী ঘটনার পুনরাবৃত্তি এবং রাজপথে সহিংসতা এড়াতে আমরা সংস্কার কমিশন গঠন করেছি। জনগণ যদি হানাহানিমুক্ত বাংলাদেশ চায়, তবে এই সংস্কার কার্যক্রমকে সমর্থন জানানো জরুরি।”

 

বিশ্বের উন্নত দেশের উদাহরণ টেনে তিনি আরও বলেন, উন্নত রাষ্ট্রে বারবার গণ-অভ্যুত্থানের প্রয়োজন হয় না, কিন্তু আমাদের দেশে কেন হয়—তা গভীরভাবে ভাবতে হবে। তিনি সতর্ক করে বলেন, “আপনারা যদি মনে করেন গুম, খুন ও বিরোধী দলকে বাড়িতে থাকতে না দেওয়ার আগের ব্যবস্থাই ঠিক ছিল, তবে গণভোটে ‘না’ দিবেন। কিন্তু যদি একটি আধুনিক রাষ্ট্র চান, তবে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দিয়ে সংস্কারের পক্ষে দাঁড়াবেন।”

 

অনুষ্ঠানে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম এবং জেলা জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাতসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



সম্পর্কিত খবর