নরসিংদীর রায়পুরা উপজেলায় গুলিবিদ্ধ হয়ে আহত হওয়া ১২ বছর বয়সী মাদ্রাসাছাত্রী তাফসিরা অবশেষে মৃত্যুবরণ করেছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১২ জুন) বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তাফসিরার ভাই ইয়াসিন মিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গত ৯ জুন দুপুরে রায়পুরার শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় সোহেল ও তার লোকজন প্রতিপক্ষের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় বাজারে যাওয়ার পথে গুলিবিদ্ধ হয় তাফসিরা। তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হয়, পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তবে এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে এখনও কোনো তথ্য নিশ্চিত করা হয়নি। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, “গুলিবিদ্ধ কিশোরীর মৃত্যুর বিষয়ে এখনো আমরা কোনো তথ্য পাইনি। তার পরিবারের পক্ষ থেকেও কোনো লিখিত অভিযোগ থানায় জমা দেওয়া হয়নি।”
এদিকে এমন মর্মান্তিক ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।