শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত 'আন্তবিভাগ ভলিবল প্রতিযোগিতা ২০২৩' এর ফাইনাল খেলায় ছেলেদের খেলায় ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইন্জিনিয়ারিং (আইপিই) বিভাগ ও মেয়েদের খেলায় সমাজকর্ম বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে।
মঙ্গলবার বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে ছেলেদের ফাইনাল খেলায় কম্পিউটার সাইন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং (সিএসই) বিভাগকে হারিয়ে আইপিই এবং ছাত্রীদের খেলায় ওশেনোগ্রাফি বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সমাজকর্ম বিভাগ।
সৌহার্দপূর্ণ ফাইনালে বিকাল ৫টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক চৌধুরী সৌউদ বিন আম্বিয়ার সঞ্চালনায় ও খেলাধুলা ও ক্রীড়া উপ-কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "বিজয়ী এবং পরাজিত সকল ফাইনালিস্ট দলকে অভিনন্দন ও শুভেচ্ছা। খেলাধুলার মূল উদ্দেশ্য ফাইনালে চ্যাম্পিয়ন হওয়া নয়। সুস্থ সবল মন ও মানসিকতা এবং শারীরিকভাবেভাবে সুস্থ থাকাই খেলাধূলার মৌলিক উদ্দেশ্য। সকলকে সৌহার্দপূর্ন পরিবেশ বজায় রেখে প্রতিযোগিতা সম্পন্ন করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।"
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিন অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম এবং প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী।
উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর শুরু হওয়া প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্রদের ২৮ টি এবং ছাত্রীদের ২১টি দল অংশগ্রহণ করে।