খুলনা

শার্শায় ভোটের প্রচারে ‘সুপার ক্যারাভান’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘জুলাই জাতীয় সনদ’ নিয়ে গণভোটের সচেতনতা বাড়াতে যশোরের শার্শায় প্রচারণা চালিয়েছে বিশেষায়িত যান ‘সুপার ক্যারাভান’। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে শার্শা উপজেলার বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই বিশেষ প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 

সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অবস্থানকালে ক্যারাভানটি থেকে সাধারণ মানুষের মাঝে নির্বাচন ও গণভোটের গুরুত্ব এবং ভোটদান প্রক্রিয়া সম্পর্কে বিভিন্ন তথ্যচিত্র ও বার্তা প্রচার করা হয়। এই বিশেষ প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ।

 

উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “সাধারণ মানুষের মাঝে ভোটাধিকার প্রয়োগ ও গণভোটের প্রয়োজনীয়তা তুলে ধরাই এই প্রচারণার মূল লক্ষ্য। একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনে আমরা উপজেলাবাসীর সক্রিয় সহযোগিতা কামনা করছি।”

 

প্রচারণা চলাকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাকদুম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহরিয়া মাহমুদ রঞ্জু এবং শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেনসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। দেশব্যাপী এই বিশেষ প্রচারণার অংশ হিসেবে ক্যারাভানটি জনবহুল এলাকাগুলোতে ভোটাধিকার বিষয়ে সচেতনতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।



সম্পর্কিত খবর