মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লেমন গার্ডেন রিসোর্টে পর্যটক শরীফুল হত্যার ঘটনায় হওয়া মামলার প্রধান আসামি ওসমান গণিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ সিলেট। শনিবার বিকাল ৪টায় র্যাব-৯ এর মিডিয়া অফিসার আব্দুল্লাহ আল নোমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৯।
র্যাব জানায়, একাধিক আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাজীপুর জেলার শ্রীপুরের ধলাদিয়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আটক ব্যক্তির নাম ওসমান গনি (৩৪)। সে কুমিল্লার মনোহরগঞ্জ থানার বচইড় (খলিলবাড়ী) এলাকার বাসিন্দা মোঃ ইসমাইল মিয়ার ছেলে।
গত ২৭শে আগস্ট শ্রীমঙ্গলের লেমন গার্ডেন রিসোর্টের বৃষ্টিবিলাশ কটেজের ৫ নম্বর কক্ষে এই খুনের ঘটনাটি ঘটে। ২৭শে আগস্ট ৫ নম্বর কক্ষের বিছানার ওপর থেকে শরীফুল ইসলাম (৪০) নামে এক জনের মাথা থেঁতলানো লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনায় নিহত শরীফুলের স্ত্রী বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করেন।
এ ঘটনার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী এ নিয়ে আলোড়ন সৃষ্টি হয়। সেই প্রেক্ষিতে গত ৩০ আগস্ট শান্ত ঘোষ নামে একজনকে গ্রেপ্তার করে শ্রীমঙ্গল থানা-পুলিশ। ঘটনার মূল আসামিদের গ্রেপ্তার করতে ঘটনার ছায়াতদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা বাড়ায় র্যাব। সে ধারাবাহিকতা শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় প্রধান আসামি ওসমান গনিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব।
জানা যায়, নিহত শরীফুল ইসলাম (৪০) একজন কার্টন ব্যবসায়ী। গত ২৪শে আগস্ট রাত তিনি এ ঘটনার অন্য আসামিদের সঙ্গে বেড়ানোর জন্য ঢাকা থেকে শ্রীমঙ্গলে আসেন। ২৭শে আগস্ট কারও সাড়া না দেখে রিসোর্টকর্মীরা রিসোর্ট কর্তৃপক্ষকে জানান। পরে পুলিশকে তা জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকল্প চাবি দিয়ে ৫ নম্বর রুমে ঢুকে শরীফুলের মাথা থেঁতলানো লাশ উদ্ধার করে। তল্লাশির সময় পুলিশ ঘটনাস্থলের দক্ষিণ পাশের জঙ্গল থেকে হত্যায় ব্যবহৃত একটি কাঠের টুকরা উদ্ধার করে। গ্রেপ্তার হওয়া আসামি ওসমান গনিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে শরীফুলকে হত্যা করে। ওসমান গনির আত্মীয় শাহীন নামে এক যুবক ঢাকায় হত্যার শিকার হন। তাদের ধারণা শাহীনকে হত্যায় শরিফুল জড়িত। এই হত্যার প্রতিশোধ নিতে তারা ওসমান গনিকে শ্রীমঙ্গল লেমন গার্ডেন রিসোর্টে বেড়াতে আসে। সেখানে শরীফুলকে প্রচুর পরিমান মদ্যপান করিয়ে একটি কাঠের টুকরা দিয়ে আঘাত করে হত্যা করে পালিয়ে যায়।