বিনোদন

সাইফের জন্মদিনে কারিনার আবেগঘন পোস্ট

বলিউড অভিনেতা সাইফ আলী খানের ৫৬তম জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা জানিয়েছেন স্ত্রী কারিনা কাপুর খান। বিশেষ এই দিনে স্বামীর সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের বেশ কয়েকটি অদেখা ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী।

 

 

 তবে সামাজিক মাধ্যমে প্রকাশের আগে প্রতিটি ছবিই সাইফের অনুমোদন নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা সক্রিয় নন সাইফ আলী খান। ব্যক্তিগত জীবনও বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন ‘ছোট নবাব’। তবে কারিনার ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে মাঝেমধ্যেই তাঁদের দাম্পত্য জীবনের নানা মুহূর্ত ভক্তদের সামনে আসে।

 

 

১৬ আগস্ট সাইফের জন্মদিন উপলক্ষে তাদের একসঙ্গে কাটানো বিভিন্ন সময়ের ছবি প্রকাশ করেন কারিনা। স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ক্যাপশনে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন আমার সারা জীবনের সঙ্গী।’

 

এরপর মজার ছলে কারিনা জানান, সাইফকে ছাড়া তার জীবন আরো বেশি একঘেয়ে হয়ে যেত। একই সঙ্গে পোস্টে থাকা প্রতিটি ছবি প্রকাশের আগে স্বামীকে দেখিয়ে তার অনুমোদন নেওয়ার কথাও জানান অভিনেত্রী।

 

 

সাইফের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করতে তার ভালো লাগে বলেও উল্লেখ করেন তিনি।

কারিনার এই বিশেষ পোস্টে ব্যবহার করা হয়েছে ২০০৮ সালের জনপ্রিয় সিনেমা ‘তাশান’-এর গান ‘দিল ড্যান্স মারে’। গানটির সঙ্গে জড়িয়ে আছে তাদের প্রেমেরও বিশেষ স্মৃতি। ‘তাশান’ সিনেমার শুটিংয়ের সময়ই সাইফ ও কারিনার প্রেমের সম্পর্কের শুরু।

 

দীর্ঘদিন প্রেমের পর ২০১২ সালে মুম্বাইয়ের বান্দ্রায় ঘনিষ্ঠ পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন সাইফ-কারিনা।

 

 

এর পর থেকে বলিউডের অন্যতম আলোচিত দম্পতি হিসেবে নিজেদের জায়গা করে নিয়েছেন তারা।

বর্তমানে সাইফ ও কারিনার দুই ছেলে তৈমুর আলী খান ও জাহাঙ্গীর আলী খান। ব্যস্ততার মধ্যেও পরিবারকে সময় দিতে দেখা যায় এই তারকা দম্পতিকে।

 



সম্পর্কিত খবর