সিলেট বিভাগজুরে পেঁয়াজের দাম হঠাৎ করে আকাশচুম্বি। কয়েক ঘন্টার ব্যবধানে দ্বিগুন হয়ে যায় পেঁয়াজের দাম। খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম হাকা হচ্ছে ২০০ টাকা পর্যন্ত। গত দুইদিন ধরে বিষয়টি সিলেট বিভাগের সর্বত্র ব্যাপক আলোচনায় উঠে আসে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন মাঠে নেমেছে। অন্তত চিারটি উপজেলা সদরে অভিযান চালিয়ে জরিমানা করেছে অসাধু ব্যবসায়ীদের। কিন্তু তারপরও লাগাম টেনে ধরতে বেগ পেতে হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে ভারত রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়ার পরই দেশের পেঁয়াজের বাজারে অস্থিরতা দেখা দেয়। একদিনের ব্যবধানে সিলেটে দেশি পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১২০ টাকা পর্যন্ত। হঠাৎ পেঁয়াজের মূল্যবৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্তরা। সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে বিরুপ প্রতিক্রিয়া।
শনিবার (৯ ডিসেম্বর) সিলেটের প্রধান পাইকারি আড়ৎ নগরীর কালীঘাটে সকাল ১০টার দিকে ১০০ টাকা পাইকারি দরে পেঁয়াজ বিক্রি হলেও বেলা বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে পেঁয়াজের দাম। অনেকেই আবার বেলা বাড়ার সাথে সাথে বিক্রি বন্ধ করে দেন। এদিকে পাইকারি বাজারে পেঁয়াজের দাম বাড়ার খবরে খুচরা দোকানেও হু হু করে বাড়তে শুরু করে পেঁয়াজের দাম। খুচরা বাজারের কোথাও কোথাও ভারতীয় পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে।
পেঁয়াজের দামের উর্ধ্বগতির খবর পেয়ে প্রশাসন মাঠে নামেন। শনিবারে অন্তত চারটি উপজেলা সদরে অভিযান চালানো হয়। জরিমানা করা হয় কয়েকজন ব্যবসায়ীকে।
কানাইঘাট :
পেঁয়াজের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ায় সিলেটের কানাইঘাটের হাঁট বাজার থেকে ব্যবসায়ীরা পেঁয়াজ উধাও করে ফেলেন। শুক্রবার দুপুর পর্যন্ত কানাইঘাট বাজার, গাছবাড়ী বাজার, সড়কের বাজার ও চতুল বাজার সহ অন্যান্য হাট-বাজারে ১০৫ থেকে ১১০ টাকায় পেঁয়াজ বিক্রি হলেও বিকেলের দিকে কেজি প্রতি পেঁয়াজ ব্যবসায়ীরা বাড়িয়ে ১৫০ থেকে ১৬০ টাকা বাড়িয়ে দেন। পূর্বের নির্ধারিত দামে পেঁয়াজ কিনতে ক্রেতারা দোকানে দোকানে ভিড় করলে অতি মুনাফা লাভের আশায় অনেক ব্যবসায়ী তাদের প্রতিষ্ঠান থেকে মজুদকৃত পেঁয়াজ সরিয়ে ফেলেন।
কনিবার (৯ ডিসেম্বর) উপজেলার হাটবাজার গুলোতে কেজি প্রতি পেঁয়াজ ১৮০ থেকে ২০০টাকা ব্যবসায়ীরা বিক্রি শুরু করলে পেয়াজের মূল্য নির্ধারণ ও বাজার মনিটরিং করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীনের নির্দেশে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ১ম শ্রেণির ম্যাজিষ্ট্রেট ফয়সাল আহমদ শনিবার দিনভর কানাইঘাট বাজার, গাছবাড়ী বাজার, রাজাগঞ্জ বাজার, মুকিগঞ্জ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বের হন।
ভূমি কর্মকর্তা ফয়সাল আহমদ প্রতিটি মোদী দোকানে গোডাউন তল্লাশী চালিয়ে পূর্বের নির্ধারিত পেঁয়াজ ১১০ টাকা কেজিতে বিক্রি করার জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেন। অভিযানের সময় অসংখ্য মানুষ ১১০ টাকা করে পেঁয়াজের কেজি কিনলেও অভিযান শেষ করে চলে যাওয়ার পর ব্যবসায়ীরা আবারো ১৬০ থেকে ২০০ টাকা করে পেয়াজ বিক্রি শুরু করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ পেঁয়াজের বাজার মনিটরিং করার জন্য নিয়মিত অভিযান চালানো হবে। কোন ব্যবসায়ী ইচ্ছাকৃত ভাবে পেঁয়াজ মজুদ করে দাম বৃদ্ধি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
শ্রীমঙ্গল :
পেঁয়াজের বাজার নিয়ে চলছে দারুণ কারসাজি। ন্যায্য দামে পেঁয়াজ প্রাপ্তি নিশ্চত করার লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম এর নেতৃত্বে র্যাবের-৯ ফোর্সের সহযোগিতায় মৌলভীবাজার জেলার সবচেয়ে পাইকারী বাজার শ্রীমঙ্গলে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা আদায় করেছে। শনিবার দুপুরে মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার সেন্ট্রাল রোডসহ বিভিন্ন জায়গায় পেঁয়াজের পাইকারি বাজারে সচেতনতামূলক ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
তদারকি দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে সেন্ট্রাল রোডে অবস্থিত মেসার্স পাল ভান্ডারকে ২০ হাজার টাকা, মেসার্স আমির ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম বলেন, এই অভিযানে মোট ২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।
কুলাউড়ায় :
মৌলভীবাজারের কুলাউড়ায় পেঁয়াজের মূল্যসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তাদের অধিকার নিশ্চিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে এ মোবাইল কোর্টে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।
এ সময় পৌর শহরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, শনিবার দুপুরে অভিযানকালে দক্ষিণ বাজারস্থ মেসার্স স্বর্ণা ট্রেডার্সের মো. রাসেদ উদ্দিনকে ২০ হাজার টাকা, সততা ভেরাইটিজ স্টোরের জিয়াউল হককে ১০ হাজার টাকা, মা ভেরাইটিজ স্টোরের কামরুল ইসলামকে ১০ হাজার টাকা ও ব্যবসায়ী বিধান দেবকে ১০ হাজার টাকাসহ মোট ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান বলেন, ভোক্তাদের পেয়াজসহ নিত্যপ্রয়োজনীয় জিনিষ ক্রয়ক্ষমতার মধ্যে রাখার স্বার্থে ও অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত দামে দ্রব্যাদি বিক্রি করে বাজার পরিস্থিতিকে অস্থিতিশীল করতে না পারে সে লক্ষে জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করে। এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে কুলাউড়া থানাপুলিশের একটি দল তাকে সহযোগিতা করে।
কমলগঞ্জ :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা আদায় করা হয়েছে। শনিবার বিকালে শমশেরনগর বাজারে বিভিন্ন মোদির দোকানে কেজিতে ৭০/৮০ টাকা পেঁয়াজের দাম বৃদ্ধি করায় ৫টি দোকানে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে ও একটি বেকারীর বিস্কুট জব্দ করা করা হয়েছে।
কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট রইছ আল রেজুয়ানের নেতৃত্বে শমশেরনগর ফাঁড়ির পুলিশের সহায়তায় শমশেরনগর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে শমশেরনগর বাজারের ৫টি মোদির দোকানে কেজিতে ৭০/৮০ টাকা পেঁয়াজের দাম বৃদ্ধি করায় অভিযোগে ১৪ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অস্বাস্থ্যকরভাবে খোলাবাজারে বেকারীর বিস্কুট বিক্রি করায় কয়েক ব্যাগ বিস্কুট জব্দ করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট রইছ আল রেজুয়ান ভ্রাম্যমান আদালতের অভিযান ও জরিমানার সত্যতা নিশ্চিত করেন।