টপ নিউজ

স্বাধীন-নিরপেক্ষভাবে বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবস বলেছেন, স্বাধীন ও নিরপেক্ষভাবে নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ। এছাড়া বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য, স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ হবে বলে প্রত্যাশা করেছেন তিনি।

 

রোববার (১১ জানুয়ারি)  রাজধানীর হোটেল রেনেসাঁতে এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রত্যাশা করেন। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে ইভারস আইজাবস বলেন, নির্বাচন অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক বলতে আমরা বুঝি সেখানে সবার অংশগ্রহণ থাকবে। বিশেষ করে নারী, ক্ষুদ্র জাতিসত্তা, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়সহ সবাই যেন ভোট দিতে পারেন। নির্বাচনে সব নাগরিকরাই যেন ভোট দিতে পারেন, সেটাই আমাদের চাওয়া।

ইভারস আইজাবস বলেন, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের স্বল্প ও দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক দল পর্যবেক্ষণ করবে। আগামী সপ্তাহে ৫৬  সদস্যের একটি প্রতিনিধি দল দীর্ঘমেয়াদে নির্বাচন পর্যবেক্ষণ করবে।

 

আর নির্বাচনের আগে আরও ৯০ জন পর্যবেক্ষক আসবেন। ইইউ পর্যবেক্ষকরা  বাংলাদেশের ৬৪ জেলাতেই নির্বাচন পর্যবেক্ষণ করবেন। নির্বাচনের পর ইইউ থেকে তাদের পর্যবেক্ষণ তুলে ধরবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের উপ-প্রধান ইনতা লেসে ও  মিশনের প্রেস অফিসার ইবার্হাড লাউয়ে।

 

 

প্রসঙ্গত, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন গত ৮ জানুয়ারি ঢাকায় আসে।

 



সম্পর্কিত খবর