বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমান বলেছেন, বর্তমানে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করে ফেলা হয়েছে। এটি নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যমূলক। সংস্কার কখনও শেষ হয়ে যায় না, এটা চলমান প্রক্রিয়া। জনগণের গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে সংস্কার টেকসই এবং কার্যকর হবে।
শুক্রবার (২১ মার্চ) বিকেলে রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে পেশাজীবীদের সম্মানে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, স্থানীয় নির্বাচন আগে করা মানে পতিত স্বৈরাচারকে রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ করে দেয়া। রাজনৈতিক অঙ্গনে গৌণ ইস্যুকে মুখ্য ইস্যু বানাতে গিয়ে ফ্যাসবাদবিরোধী ঐক্যে সংশয় তৈরি করা হয়েছে।
তিনি বলেন, মাফিয়ার পতনের পর অপার সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে। রাষ্ট্রকে আরও এগিয়ে নিতে পেশাজীবীদের মেধাকে কাজে লাগাতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, শেখ হাসিনা সংবিধানকে ইচ্ছেমতো কাটাছেঁড়া করেছে। সারা বিশ্ব দেখেছে পলাতক স্বৈরাচার সংবিধান না মেনে বারবার অবৈধভাবে ক্ষমতায় বসেছিল।
বায়ান্ন/আরএইচ/একে