খবর প্রতিদিন

হলিছড়া চা বাগান এলাকায় গাছ কেটে কুলাউড়া-মৌলভীবাজার সড়কে গণডাকাতি

মৌলভীবাজারে কুলাউড়া উপজেলার লুহাইউনি হলিছড়া চা বাগানের মানিব বাবুর মাঠ এলাকায় গাছ কেটে কুলাউড়া-মৌলভীবাজার সড়কে গণডাকাতি সংঘটিত হয়েছে। রবিবার দিবাগত রাত আনুমানিক ২টার সময় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা পাহাড়ে গা-ঢাকা দেয়।
সেখানে ডাকাত দলের আক্রমণের শিকার কুলাউড়ার আহমদ অ্যাম্বুলেন্সের চালক সুলতান মিয়া বলেন, রাতে তিনি মৌলভীবাজার সদর হাসপাতালে রোগী দিয়ে ফেরার পথে ডাকাতদের কবলে পড়েন। হাফপ্যান্ট পরা এবং মুখ গামছা দিয়ে বাঁধা ৮-১০ জনের ডাকাত দল দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর আক্রমণ চালায়। তাদের ২ মোবাইল ও নগদ টাকা লুটে নেয় ডাকাত দল। কমপক্ষে ১৫টি গাড়িতে হামলা চালিয়ে বেশিরভাগ চালক ও যাত্রীর মোবাইল ও টাকা লুট করে নিয়ে যায়।
জুড়ী উপজেলার ফুলতলা এলাকার একজন চালক ডাকাতের হামলায় আহত হন। ডাকাতরা তাদের মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়ার পর পেছনের গাড়িতে ডাকাতি করার সময় দ্রুত ঘটনাস্থল থেকে কুলাউড়া থানায় এসে বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে গেলে ডাকাতরা পাহাড়ে গা-ঢাকা দেয়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস ছালেক বলেন, আমাদের এলাকার শেষ সীমানায় একটি গাছের টুকরা পড়েছিল। এতে একটি অ্যাম্বুলেন্স ও ৫-৬টি সিএনজি অটোরিকশা আটকা পড়ে। আমাদের টহল টিম সেখানে ছিল সকাল পর্যন্ত।


সম্পর্কিত খবর