রাজনীতি

‘মব’ কালচারের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান বেগম সেলিমার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, সরকারকে বলতে চাই, সমাজে যে অস্থিরতা-অস্থিতিশীলতা, সমাজে যে মবজাস্টিস, সমাজে যে নারী ধর্ষন, এটা যদি বন্ধ করতে না পারেন তাহলে বাংলাদেশের যে জনগন যে স্বপ্ন নিয়ে ফ্যাসিবাদ মুক্ত করেছিলো সেই স্বপ্ন আমাদের পুরণ হবে না।

শনিবার (০৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত র‌্যালিপূর্ব এক সমাবেশে এসব কথা বলেন তিনি। জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত র‌্যালিটি বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিংগেল মোড় ঘুরে আবারও দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে কয়েকশ নারী অংশগ্রহণ করেন।

বৈষম্যবিরোধী ছাত্র নেতৃবৃন্দের উদ্দেশ্যে সেলিমা রহমান বলেন, তোমরা এখন দল করেছো আমরা স্বাগত জানাই। আজকাল ছাত্র-জনতা বলে, বৈষম্য বিরোধী বলে যে কেউ দুই জন তিন জন করে বিভিন্ন জেলায় তারা বিভিন্ন অফিস-আদালতে গিয়ে বসে থাকছে, তারা ভাগ চাইছে। এখন তোমাদের উচিত তোমরা তাদের সাথে কথা বলে তাদেরকে শিক্ষাঙ্গনে ফিরিয়ে নিয়ে আসো।

নারী উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রেী বেগম খালেদা জিয়ার নারী উন্নয়ন ও ক্ষমতায়নে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন সেলিমা রহমান।

তিনি আরও বলেন, আজকে নারীদের ভয়েস, ওম্যান ভয়েস একযোগে উচ্চারিত হতে হবে। নারীদের বলব, পরিবারের সদস্যদের বলব, বিশেষ করে গণমাধ্যমের ভাইয়েরা এখানে আছেন তাদেরসহ সকলকে আজকে সজাগ হতে হবে। পরিবারের যে মূল্যবোধ ছিলো বড়কে সন্মান করা, শিক্ষককে শ্রদ্ধা করা, মা-বাবাকে সন্মান করা এগুলো এখন কোনটাই বিরাজ নেই। সন্মান-শ্রদ্ধার সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে।

মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় র‌্যালিপূর্ব সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

আরএইচ/একে



সম্পর্কিত খবর