৪ দফা জানাজা শেষে জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী ও ঝিনাইদহ-১ আসনের পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের দাফন সম্পন্ন হয়েছে। রোববার (১৭ মার্চ) সকাল ৮ টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্স যোগে মরদেহ ঝিনাইদহের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে আনা হয়। সেখান থেকে সড়ক পথে আরাপপুরে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাদ জোহর শহরের উজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে ২য় জানাযা ও গার্ড অব অনার প্রদান করা হয়। ঝিনাইদহ ছাড়াও আশপাশের জেলার শত শত নেতাকর্মীরা জানাযায় অংশ নেয়। বাদ আছর শৈলকুপা উপজেলা শহরের ডিগ্রি কলেজ মাঠে ৩য় জানাযা ও বাদ মাগরিব গ্রামের বাড়ি উপজেলার মির্জাপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের স্কুল মাঠে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজা অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, ঝিনাইদহের সকল আসনের সংসদ সদস্যগণ, জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম, পুলিশ সুপার আজিম-উল-আহসানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি সফিকুল ইসলাম অপু, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী মহুল ও মরহুমের ছেলে ব্যারিষ্টার জিসান হাই জানাজা পূর্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে জানাজা অনুষ্ঠানে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, ঝিনাইদহ-৩ আসেন সংসদ সদস্য সালাহউদ্দিন মিয়াজি, সংরক্ষিত আসনের সংসদ সদস্য পারভীন জামান কল্পনা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান বিশ্বাস, সাধারণ সম্পাদক এম. আব্দুল হাকিম আহমেদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আসাদুজ্জামান আসাদ প্রমুখ বক্তব্য রাখেন।
জানাজার পূর্বে জেলা প্রশাসন, জেলা পুলিশ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্তরের মানুষ তার মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
তার মৃত্যুতে শৈলকুপা উপজেলাসহ গোটা জেলাজুড়ে শোকাবহ পরিবেশ নেমে আসে। তার প্রতিটি জানাজায় আওয়ামী লীগ-বিএনপি-জামায়াত-জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষেরা অংশ নেন।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি ভোটের পর লিভার সিরোসিস ও ফুসফুসে নিউমোনিয়া নিয়ে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এরপর গত ১৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের বামরুদগ্রাদ হাসপাতালে ভর্তি হন। বেশ কিছু দিন লাইভ সাপোর্টে থাকার পর শনিবার সকালে তিনি মারা যান। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ২০০১ সালে বিএনপির সংসদ সদস্য আব্দুল ওহাবকে পরাজিত করে প্রথম শৈলকুপা আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি ওই আসনে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর থেকে ২০১৩ সালের ২১ নভেম্বর পর্যন্ত তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে তিনি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন এবং ঝিনাইদহে স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলন করেন। ১৯৫২ সালের পহেলা মে শৈলকুপা উপজেলার মহম্মদপুর গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুল হাই। বাবা ফয়জুদ্দিন মোল্লা ও মা ছকিরন নেছা দম্পতির ৩ ছেলে ও ২ মেয়ের মধ্যে তিনি সবার ছোট।