নওগাঁর রাণীনগর উপজেলার আমিরপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা খলিলুর রহমান শেখের পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় সাত লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার আমিরপুর কয়ারপাড় নামক পুকুরে এই বিষ প্রয়োগ করা হয়। এ ঘটনায় শনিবার দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মাছচাষি খলিলুর রহমান জানান, বিভিন্ন এনজিও ও সমিতি থেকে ঋণ নিয়ে আমিরপুর গ্রামের মাদ্রাসার প্রায় ৩ বিঘা আয়তনের একটি পুকুর লিজ নিয়ে তিনি গত ৫-৬ বছর ধরে মাছ চাষ করে আসছেন। এরই মধ্যে পূর্বশত্রুতার জেরে কে বা কারা গত বৃহস্পতিবার রাতে পুকুরে বিষ প্রয়োগ করে। পরে শনিবার সকালে পুকুরে গিয়ে তিনি দেখতে পান টেংরা, কাতল, পাঙ্গাস, সিলভার কার্প ও মনোসেক্স তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠেছে। এতে তাঁর প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় শনিবার দুপুরে তিনি রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সুষ্ঠু তদন্তসহ জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।