ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের সংস্কারকাজে অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগের পরিপ্রেক্ষিতে কলেজটি পরিদর্শন করেছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অনিয়মের সংবাদ দেখতে পেয়ে তিনি ঢাকা থেকে ফিরে সরাসরি কলেজে গিয়ে চলমান সংস্কারকাজ পরিদর্শন করেন। এ সময় কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি তাৎক্ষণিকভাবে সেখানে থাকা নিম্নমানের নির্মাণসামগ্রী অপসারণের ব্যবস্থা করেন।
জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে কলেজটির একাডেমিক ভবন ও পুরাতন অনার্স ভবনের মেরামত ও সংস্কারকাজ চলছে। মেসার্স আনোয়ার এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করছে।
অভিযোগ রয়েছে, কাজের শিডিউলে নতুন ইট ব্যবহারের কথা থাকলেও পুরোনো ইট ও ইটের টুকরা দিয়ে মেঝেতে সলিং করা হয়েছে। এ ছাড়া যথাযথভাবে মেঝে প্রস্তুত না করেই টাইলস বসানোর কাজ করা হচ্ছিল।
পরিদর্শনকালে সংসদ সদস্য মাওলানা আবু তালিব বলেন, “সরকারি উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করা যাবে না। কাজের গুণগত মান নিশ্চিত করতে হবে। কাজে কোনো প্রকার অনিয়ম বরদাশত করা হবে না।”
তিনি সংশ্লিষ্টদের কাজের নির্ধারিত শিডিউল ও মান বজায় রেখে সংস্কারকাজ সম্পন্ন করার কঠোর নির্দেশনা দেন। একই সঙ্গে কলেজের সংস্কারকাজে সরকারি অর্থের যথাযথ ব্যবহার এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে কাজের মান নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।