সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বান্দরবানের আলীকদম উপজেলায় নজরুলবর্ষ উপলক্ষে দেশব্যাপী সকল শিক্ষার্থীর জন্য শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট ২০২৬) সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত আলীকদম উপজেলা পরিষদ মিলনায়তনে আলীকদম উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলীকদম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব মো: সামসুল আলম।
এতে প্রধান অতিথি ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মনজুর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা কৃষি কর্মকর্তা সোহেল রানা এবং আলীকদম উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ আসাদুজ্জামান আসাদ।
এছাড়াও আলীকদম উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন জনাব মিঠুন কুমার ঘোষ, আলীকদম উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্কুলের প্রধান শিক্ষক, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, সংবাদকর্মী এবং সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় ৫০-৬০ জন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম ও সাহিত্যের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, নজরুলের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং দেশপ্রেমের আদর্শ শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য নজরুলসঙ্গীত, কবিতা আবৃত্তি এবং নজরুলের জীবন ও রচনার ওপর ভিত্তি করে বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হয়।
শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায় থেকে প্রতিভাবান শিক্ষার্থীদের বাছাই করে পরবর্তী পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দিতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে বলে জানানো হয়।