বান্দরবানের আলীকদম উপজেলায় অবৈধভাবে ইট প্রস্তুত এবং বনের গাছ পুড়িয়ে ইট তৈরির দায়ে তিনটি ইটভাটার মালিককে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার, ২৯ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আলীকদম থানা পুলিশ ও বন বিভাগের সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন জানায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইট প্রস্তুত এবং বনাঞ্চলের গাছ জ্বালানি হিসেবে ব্যবহার করার অপরাধে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’ এর ৮(১) ধারায় এই জরিমানা করা হয়।
অভিযানে উপজেলার চারাবটতলী এলাকার এবিএম ইটভাটা, আমতলী এলাকার ইউবিএম ইটভাটা এবং আলী বাজার এলাকার এফবিএম ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এর মধ্যে সামশু উদ্দিনের মালিকানাধীন এবিএম ইটভাটাকে ৩ লাখ টাকা, জামাল উদ্দিনের মালিকানাধীন ইউবিএম ইটভাটাকে ২ লাখ টাকা এবং শওকত তালুকদারের মালিকানাধীন এফবিএম ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ২টি ইটভাটা থেকে ৪ হাজার ৫০০ ঘনফুট কাঠ জব্দ করা হয়
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এর আগেও এসব ইটভাটাকে একাধিকবার জরিমানা ও সতর্ক করা হয়েছিল। পুনরায় একই অপরাধে জড়িত হওয়ায় এবার কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ রক্ষা ও বন উজাড় প্রতিরোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।