বান্দরবানের আলীকদম উপজেলায় বিজিবি ও বন বিভাগের যৌথ অভিযানে পাচারের উদ্দেশ্যে মজুত করা ৫৫ দশমিক ৫১ ঘনফুট সেগুন গোল কাঠ এবং একটি মাহিন্দ্রা ট্রাক্টর জব্দ করা হয়েছে। জব্দ করা কাঠ ও গাড়ির মোট আনুমানিক মূল্য ২১ লাখ ৬৬ হাজার ৫৩০ টাকা।
৯ সেপ্টেম্বর বুধবার ভোররাত আড়াইটা থেকে সকাল ৮টা পর্যন্ত উপজেলার ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কলারঝিরি আব্বাস কারবারিপাড়া পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
৫৭ বিজিবি (আলীকদম ব্যাটালিয়ন) সূত্রে জানা যায়, হাবিলদার মো. আলাউদ্দিনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল এবং বন বিভাগের একটি দলের সমন্বয়ে চোরাচালানবিরোধী যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময় ঘটনাস্থল থেকে মালিকহীন ও পরিত্যক্ত অবস্থায় অবৈধভাবে পাচার করা ৫৫ দশমিক ৫১ ঘনফুট সেগুন গোল কাঠ এবং একটি মাহিন্দ্রা ট্রাক্টর জব্দ করা হয়।
জব্দ করা সেগুন কাঠের আনুমানিক মূল্য ধরা হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৫৩০ টাকা এবং মাহিন্দ্রা ট্রাক্টরটির মূল্য ২০ লাখ টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের মোট মূল্য ২১ লাখ ৬৬ হাজার ৫৩০ টাকা।
অভিযান শেষে বুধবার সকাল ৮টার দিকে জব্দ করা সেগুন কাঠ ও মাহিন্দ্রাটি আলীকদম উপজেলার তৈন রেঞ্জ কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
স্থানীয়রা মনে করছেন, বিজিবি ও বন বিভাগের সমন্বিত এ ধরনের অভিযান অব্যাহত থাকলে সীমান্তবর্তী ও দুর্গম এলাকায় অবৈধভাবে বনজ সম্পদ পাচার এবং কাঠ চুরি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে।