বান্দরবানের আলীকদম উপজেলায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় আলীকদম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ‘সাধারণ গণিত’ বিষয়ের পরীক্ষা দিয়ে শুরু হয় বৃত্তির এই আয়োজন।
উপজেলা শিক্ষা অফিসের তথ্য মতে, এবার পরীক্ষার জন্য নিবন্ধিত ছিল ২৯২ জন শিক্ষার্থী। তবে ব্যক্তিগত ও পারিবারিক কারণে ১০৭ জন অনুপস্থিত থাকায় অংশ নেয় ১৮৫ জন। তাদের মধ্যে ছাত্র ৮৩ জন এবং ছাত্রী ১০২ জন।
সকাল থেকেই কেন্দ্রে পরীক্ষার সার্বিক পরিস্থিতি তদারকি করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সামছুল আলম। পরীক্ষা সচিবের দায়িত্বে ছিলেন আপ্রোমং মার্মা। পরীক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে উপস্থিত ছিলেন উপ-সহকারী মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান।
মোট ৮টি কক্ষে ৯ জন সহকারী শিক্ষক হল পরিদর্শকের দায়িত্ব পালন করেন বলে জানিয়েছেন কেন্দ্র সচিব।
পরীক্ষা চলাকালে কেন্দ্র ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। আলীকদম থানা পুলিশের সতর্ক অবস্থানের কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশ জানায়, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারিও চালু ছিল।
তীব্র গরম ও লোডশেডিংয়ের মধ্যেও সন্তানদের সময়মতো কেন্দ্রে আনা চ্যালেঞ্জিং ছিল বলে জানান কয়েকজন অভিভাবক। তবে কেন্দ্রের সুশৃঙ্খল পরিবেশ ও প্রশাসনের তৎপরতায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।
এবারের বৃত্তি পরীক্ষা কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই সম্পন্ন হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে উপজেলা শিক্ষা বিভাগ।