চট্টগ্রাম প্রতিদিন

আলীকদম সীমান্তে বিজিবির নজরদারিতে মিয়ানমারের ১৪ জন আটক

বান্দরবানের আলীকদম সীমান্তে বিজিবির কঠোর নজরদারির মধ্যে মিয়ানমারের ১৪ নাগরিক আটক হয়েছেন। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে তাঁদের আটকের পর পুলিশে হস্তান্তর করা হয়েছে।

আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সূত্রে জানা গেছে, ১৮ আগস্ট বিভিন্ন বয়সের ১৪ জন মিয়ানমার নাগরিক কিল্লাইপাড়া চেকপোস্টে এসে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন।

বিজিবির হেফাজতে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বলে পরিচয় দেন। বিজিবি জানায়, তাঁরা নিরস্ত্র অবস্থায় বেসামরিক পোশাকে সীমান্ত অতিক্রম করেন।

কী কারণে এবং কোন পরিস্থিতিতে তাঁরা বাংলাদেশে এসেছেন—সে বিষয়ে বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিজিবি জানায়, অনুমতি ছাড়া সীমান্ত অতিক্রমের দায়ে প্রচলিত আইন ও ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। ১৯ আগস্ট তাঁদের আলীকদম থানায় হস্তান্তর করা হয়েছে।

আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী বলেন, সীমান্ত এলাকায় যেকোনো অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করছে।

আলীকদম থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।

 


সম্পর্কিত খবর