অর্থনীতি ও বাণিজ্য

কাজে যোগ দিয়েছেন শিল্পাঞ্চলের শ্রমিকরা

টানা অসন্তোষের পর স্বাভাবিক হতে শুরু করেছে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল। বেশিরভাগ গার্মেন্টস কারখানা খুলে দিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল থেকে বাইপাইল, জামগড়া, জিরাবো, নরসিংহপুর, নিশ্চিন্তপুর, কাঠগড়া ও হেমায়েতপুর এলাকায় দলবেঁধে কারখানায় যোগদান করেছেন শ্রমিকরা। নির্ধারিত সময়ের আগেই কারখানার গেটে ভিড় করেন তারা। গত কয়েকদিন শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ থাকা অনেক কারখানার সামনে থেকে সরিয়ে নেওয়া হয়েছে বন্ধের নোটিশ। খুলে দেওয়া হয়েছে মূল ফটক। সকালের শিফটে মেশিনের শব্দে আবার মুখর হয়ে উঠেছে কারখানাগুলো।

শ্রমিকরা বলছেন, তারা কাজ করতে চান। দাবি আদায়ের আলোচনা চলুক, কিন্তু কারখানা বন্ধ থাকুক এটা তারা চান না। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্পাঞ্চলে এখনো সতর্ক অবস্থানে রয়েছে শিল্প পুলিশ, এস আর বি ও বিজিবি। তবে আজ কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকালে শিল্পাঞ্চল আশুলিয়ার বেশ কয়েকটি কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়ে কর্মবিরতি পালন করলে, কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। এদিকে : ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরে চলমান শ্রমিক আন্দোলনের জেরে মঙ্গলবারও ২৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এ ছাড়া শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় আরও ৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।  

 

তিনি জানান, গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক, পল্লীবিদ্যুৎসহ বিভিন্ন এলাকায় শ্রমিক আন্দোলনের জেরে ২৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এ ছাড়া সকালে ভোগড়া এলাকায় ৫টি কারখানায় শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে। পরে শ্রমিকরা দলবদ্ধভাবে ফিরে যাওয়ার সময় কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তারা সড়কের পাশে এবং বিভিন্ন অলিগলির মুখে অবস্থান নেন। পুলিশ সুপার আরও জানান, এসব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও আশপাশের শিল্প এলাকায় কোনো ধরনের হট্টগোলের খবর পাওয়া যায়নি।

 

 

 

 



সম্পর্কিত খবর