খুলনা

কালীগঞ্জে এবার ১০৪টি মণ্ডপে হবে শারদীয় দুর্গাপূজা

ঝিনাইদহের কালীগঞ্জে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছর কালীগঞ্জ পৌরসভাসহ ১১টি ইউনিয়নে ১০৪টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের চেয়ে ৩টি বেশি।

শনিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান নাহিদের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব। বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী।

ইউএনও জানান, এ বছর সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরার ব্যবস্থা থাকবে। মণ্ডপগুলোতে ধর্মীয় শৃঙ্খলা বজায় রাখতে ডিজে গান বন্ধসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি যেকোনো সমস্যা সমাধানে উপজেলা পরিষদে সার্বক্ষণিক একটি মনিটরিং সেল খোলা থাকবে।

পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় গৃহীত পদক্ষেপ বিষয়ে থানার ওসি জুলফিকার আলী জানান, প্রতিটি পূজামণ্ডপে ৬ থেকে ৮ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন থাকবেন। এছাড়া পৌর এলাকায় ১ জন এসআই ও ১ জন এএসআইয়ের নেতৃত্বে থানা পুলিশের ৩টি টহল টিম এবং প্রতিটি ইউনিয়নে একইভাবে ১টি করে টিম সার্বক্ষণিক টহলে থাকবে।

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওই সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা তবিবর রহমান মিনি, ইসরাইল হোসেন জীবন, রেজাউল ইসলাম, যুবদল নেতা মাহবুবুর রহমান মিলন, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।



সম্পর্কিত খবর