দেশের খবর

ক্ষেতলালে ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত ৪

 
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ভিজিএফ কার্ড বিতরণকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত-শিবির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার দুপুর ১টায় জেলার আলমপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। এতে অন্তত চার জন আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
 
আহত বিএনপির আলমপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সভাপতি জুয়েল হোসেন (৪৭), ছাত্রদলের নেতা রাজু শাহ (২২) এবং ক্ষেতলাল উপজেলা ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ আলী (২৭)  ও  আলমপুর ইউনিয়ন এর ছাত্র শিবিরের সভাপতি  সাব্বির হোসেন(২০) বলে জানাগেছে। 
 
পুলিশ ও স্থানীয়রা জানাগেছে, জেলার আলমপুর ইউনিয়ন পরিষদের নয় নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য না থাকায় প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমান পটুর তত্ত্বাবধানে ৭৫টি ভিজিএফ কার্ড বিতরণ করা হচ্ছিল। বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা কার্ড বিতরণে অংশ নেন। এ সময় সেখানে উপস্থিত হন জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। তারা দাবি করেন, প্রতিটি ওয়ার্ডে তাদের কিছু কর্মীদেরও কার্ড দেওয়া হোক। বিশেষ করে ৯নং ওয়ার্ডের ২০টি কার্ড তাদের মধ্যে বিতরণের দাবি ওঠে। বিএনপি নেতারা বিষয়টি প্রত্যাখ্যান করলে প্রথমে তর্ক-বিতর্ক এবং পরে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে পরিষদের পাশের সোহলী বাজারে সংঘর্ষে রূপ নেয়। ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।
 
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন জানান, ভিজিএফ কার্ড বিতরণকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত-শিবির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
 


সম্পর্কিত খবর