ঢাকা

ঘুরতে বের হয়ে আর ফেরা হলো না: ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে আকলিমা আক্তার পাখি (৩০) ও তাঁর আট বছরবয়সী মেয়ে রাফা মনির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘোড়াশাল বাইপাস সড়কের সামনের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকলিমা আক্তার পাখি ঘোড়াশাল পৌরসভার ফুলদিরটেক গ্রামের সৌদিপ্রবাসী রাশেদুল ইসলামের স্ত্রী। রাফা মনি তাঁদের সন্তান। তাঁরা ওই এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় আকলিমা আক্তার তাঁর মেয়ে রাফা মনিকে নিয়ে ঘোড়াশাল বাইপাস সড়ক এলাকায় ঘুরতে বের হন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁরা রেললাইনে উঠলে ঢাকাগামী ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই আকলিমা আক্তারের মৃত্যু হয়।

এ সময় শিশু রাফা মনি গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে রাত ৯টা ৪০ মিনিটের দিকে ঘটনাস্থল থেকে আকলিমা আক্তারের মরদেহ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে পুলিশ।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দিলীপ জানান, নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মা-মেয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 


সম্পর্কিত খবর