দেশের খবর

গাজীপুরে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ কর্মকর্তা, গ্রেফতার ৩

 গাজীপুরে চাঁদাবাজি মামলার এক আসামিকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) মারধরের শিকার হয়েছেন।

 
বুধবার (২৫ জুন) রাত ৮টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন থানাধীন ইটাহাটা এলাকায় এ ঘটনা ঘটে।
 
এ ঘটনায় আহত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আলী বাদী হয়ে বাসন থানায় একটি মামলা করেছেন। পরে রাতেই অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।
 
অভিযুক্ত ইটাহাটা এলাকার মৃত সোবাহানের ছেলে রবি সরকার (৩৪)।
 
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদাবাজি মামলার আসামি রবি মিয়াকে (৩৪) গ্রেফতার করতে তাঁর ইটাহাটার বাড়িতে অভিযান চালান এসআই মোহাম্মদ আলী। এ সময় আসামি রবি ও তাঁর পরিবারের সদস্যরা অতর্কিতভাবে এসআই মোহাম্মদ আলীর ওপর হামলা করেন এবং তাঁকে মারধর করেন। খবর পেয়ে গাজীপুর মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় এসআই মোহাম্মদ আলীরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
 
বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সজীব মিয়া জানান, হামলার পর মূল আসামি রবি পালিয়ে গেলেও ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়। রবিকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।
 
এবিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন খান জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সম্পর্কিত খবর